সর্বশেষ

হাসপাতাল থেকে সোনার গহনা উধাও, সিসিটিভিতে ধরা পড়ল ‘চোর’ মানুষ নয়

52Web Popup (3)

ভারতের মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতালে রোগীর স্বজনের প্রায় চার লাখ রুপি সমমূল্যের গয়না ও নগদ অর্থ চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে রীতিমতো অবাক হয়েছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে দেখা যায়, আলোচিত এই চুরির ঘটনায় কোনো মানুষ জড়িত নয়, বরং একটি কুকুর হাসপাতাল থেকে গয়নাভর্তি ব্যাগটি মুখে করে নিয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মন্দসৌর জেলার সরকারি হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে এবং পরে সিসিটিভি ফুটেজ অনুসরণ করে হারানো সব গয়না ও অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নাহারগড় থানার কায়ামপুর এলাকার বাসিন্দা লতাবাই বাল্মীকি তাঁর ছেলের হাতের আঘাতের চিকিৎসার জন্য ওই হাসপাতালে অবস্থান করছিলেন। হাসপাতালে আসার সময় তিনি নিজের সঙ্গে একটি ব্যাগে বিপুল পরিমাণ গয়না ও নগদ অর্থ নিয়ে এসেছিলেন। লতাবাইয়ের অভিযোগ, রোববার দিবাগত রাত একটা থেকে সোমবার সকাল ছয়টার মধ্যে সার্জিক্যাল ওয়ার্ড থেকে তাঁর ব্যাগটি নিখোঁজ হয়ে যায়। ওই ব্যাগে একটি রুপার কোমরবন্ধনী, নূপুর, একটি সোনার মঙ্গলসূত্র, দুটি সোনার আংটি, কানের দুল, নাকফুলসহ প্রায় চার লাখ রুপি সমমূল্যের গয়না ও নগদ দুই হাজার রুপি ছিল। ব্যাগটি না পেয়ে তিনি দ্রুত সিটি কোতোয়ালি থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।

গয়নার মূল্য বেশি হওয়ায় পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘটনার তদন্তে নামে এবং ব্যাগটি উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় হেড কনস্টেবল অজয় সোলাঙ্কিকে। তদন্তের অংশ হিসেবে পুলিশ হাসপাতাল প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে গিয়ে দেখতে পায়, একটি কুকুর সার্জিক্যাল ওয়ার্ডে ঢুকে ব্যাগটি মুখে করে নিয়ে যাচ্ছে। পরে অন্যান্য ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে কুকুরটির গতিবিধি অনুসরণ করে হাসপাতাল প্রাঙ্গণেরই একটি খোলা জায়গা থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। লতাবাইয়ের স্বস্তি বাড়িয়ে ব্যাগের ভেতরে থাকা সব গয়না ও নগদ টাকা অক্ষত অবস্থায় পাওয়া যায় এবং প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে সোমবার সন্ধ্যায় পুলিশ তা তাঁর হাতে তুলে দেয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup