বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদনপ্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল করতে ঢাকায় আলাদা একটি ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে নতুন এই কেন্দ্রটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ঢাকার দক্ষিণ কোরীয় দূতাবাস জানিয়েছে, নতুন এই ভিসা আবেদন কেন্দ্র চালুর মাধ্যমে আবেদনকারীদের ভোগান্তি কমার পাশাপাশি আরও দ্রুত ও কার্যকর উপায়ে ভিসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
নতুন এই কেন্দ্র চালুর সঙ্গে সঙ্গে সাধারণ ভিসা ও পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত আবেদনের প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। দূতাবাস জানিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর থেকে সাধারণ ভিসা এবং পাসপোর্ট সংগ্রহের আবেদনগুলো শুধুমাত্র এই নতুন কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে, যার ঠিকানা—দ্বিতীয় তলা, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩। তবে কূটনৈতিক ও দাপ্তরিক (অফিশিয়াল) ভিসার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে এবং কূটনৈতিক নোটের মাধ্যমে এসব ভিসার কার্যক্রম সরাসরি দূতাবাসই পরিচালনা করবে। এর পাশাপাশি নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবাগুলোও আগের মতোই সরাসরি দূতাবাস থেকে পাওয়া যাবে।
ভিসা সেবাকে আরও আধুনিক করতে নতুন এই আবেদন কেন্দ্রে একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি, কবে থেকে তা শুরু হবে এবং ভিসা সেন্টার চালুর সময়সূচি, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি–সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামীকাল ২৭ আগস্ট পৃথকভাবে প্রকাশ করবে দূতাবাস। দক্ষিণ কোরিয়ার ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের নতুন ভিসা আবেদন কেন্দ্রসংক্রান্ত পরবর্তী ঘোষণাগুলোর দিকে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।











