সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন এবং অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকাতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, শুধু বিদেশে কর্মী পাঠালেই হবে না, যাওয়ার আগে তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে। এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকায় পাঁচটি আধুনিক প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি এসব কেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, অভিবাসীদের ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরীয় ভাষায় প্রশিক্ষণ নিতে হবে এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পরই কেবল বৈধ প্রক্রিয়ায় বিদেশ যেতে হবে। এ ছাড়া ভূমধ্যসাগরে অবৈধভাবে অভিবাসনপ্রত্যাশীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জড়িত দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। নিহতদের পরিবারের দায়ের করা মামলার আসামি ও সংশ্লিষ্ট মানব পাচারকারী চক্র সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে সরাসরি নির্দেশ দেন প্রবাসীকল্যাণমন্ত্রী।
অবৈধ পথে বিদেশযাত্রা বন্ধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে দালালদের বিষয়ে সতর্ক করতে হবে। যাঁরা সাগরপথে মারা গেছেন বা এভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, তাঁদের যাত্রাপথ ও বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট ব্যক্তিদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠানোর তাগিদ দেন তিনি, যাতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিএনপির জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন।











