Long Popup (2)
সর্বশেষ

বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ

1City

যশোরের কেশবপুর উপজেলার একটি গ্রামে ঘরের বারান্দায় বাবার মরদেহ রেখে কবরের জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছা গ্রামে মর্মান্তিক ও অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ওই দিন সকালে গ্রামের বাসিন্দা আবদুল খালেক মান (৭২) মারা যান। তাঁর মৃত্যুর পর পৈতৃক কবরস্থানের জমি নিয়ে দুই ছেলের মধ্যে বিরোধ বাধে, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং বাবার মরদেহ দাফন করা হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চার-পাঁচ বছর আগে বড় ছেলে মাহাবুর রহমান বসতবাড়ি ও পারিবারিক কবরস্থানসহ বাবার সব সম্পত্তি নিজের নামে লিখে নেন এবং নতুন বাড়ি তৈরি করে আলাদা থাকতে শুরু করেন। পরে গ্রাম্য মাতবরদের মধ্যস্থতায় ছোট ভাই আছাবুর রহমান বড় ভাইয়ের কাছ থেকে পুরোনো ওই বসতবাড়ি ও কবরস্থান কিনে নিয়ে সেখানে বসবাস করে আসছিলেন। জীবনের শেষ সময়ে অসুস্থ বাবা বড় ছেলে মাহাবুরের আশ্রয়ে ছিলেন। সোমবার সকালে বাবার মৃত্যুর পর পুরোনো পারিবারিক কবরস্থানে মাহাবুর কবর খুঁড়তে গেলে ছোট ভাই আছাবুর বাধা দেন। জমি কেনার সূত্রে তিনি ওই জায়গার মালিকানা দাবি করলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা পরে দুই পরিবার ও স্বজনদের মধ্যে সংঘর্ষে গড়ায়।

সংঘর্ষের সময় উভয় পক্ষের মারামারিতে বড় ভাই মাহাবুর রহমান, তাঁর স্ত্রী মমতাজ বেগম ও মেয়ে লিলিমা খাতুন এবং ছোট ভাই আছাবুর রহমান ও তাঁর স্ত্রী হালিমা বেগম আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মারামারির এই ঘটনার জেরে মৃত বাবার দাফনও অনিশ্চিত হয়ে পড়ে। খবর পেয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) যোগেশ চন্দ্র মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসআই যোগেশ চন্দ্র মণ্ডল জানান, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় শেষ পর্যন্ত পৈতৃক কবরস্থানেই আবদুল খালেকের মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়। এ ঘটনায় আহত ব্যক্তিরা চিকিৎসা শেষে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate