সিলেট অঞ্চলে প্রবাসীদের ফাঁকা বাড়ি ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে জেলা প্রশাসন। প্রবাসীদের সম্পদ চুরি বা দখল রোধে এখন থেকে তাঁদের বাড়িতে পাহারার জন্য আনসার সদস্য নিয়োগের ব্যবস্থা করা হবে। বুধবার (২২ জুলাই) সিলেটের ওসমানীনগর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং তাঁদের সমস্যা সমাধানে ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
জেলা প্রশাসক জানান, সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ বিদেশে বসবাস করায় তাঁদের অনেক বাড়িঘর বছরের পর বছর ফাঁকা পড়ে থাকে। এসব সম্পত্তি দখল, চুরি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ প্রায়ই প্রশাসনের কাছে আসে। দীর্ঘদিনের এই সমস্যা নিরসনে প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতেই আনসার দিয়ে বাড়ি পাহারার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্যোগটি বাস্তবায়নের আগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রস্তুতি শেষে চূড়ান্ত কার্যক্রম শুরু করা হবে। ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুন নাহারও জানিয়েছেন, জেলা প্রশাসকের এই নির্দেশনার বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এদিকে সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নকাজের অগ্রগতি প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, সড়ক সম্প্রসারণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। বর্তমানে ওসমানীনগরের দয়ামীর ও সাদিপুর ইউনিয়নে জমি অধিগ্রহণের কাজ চলছে, যেখানে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা আবেদন সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ পাবেন। এর আগে সকালে ওসমানীনগর উপজেলা পরিষদ কার্যালয়ে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা। দিনব্যাপী সফরে জেলা প্রশাসক প্রতিবন্ধী ব্যক্তি ও শিক্ষার্থীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করেন এবং বিভিন্ন ভূমি অফিস ও এসওএস শিশু পল্লি পরিদর্শন করে সরকারি সেবার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনার ওপর জোর দেন।









