ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারানো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার প্রবাসী বাংলাদেশি ভাইয়ের মরদেহ দেশে এসে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার (১৯ মে) রাত ৮টা ১৫ মিনিটে তাঁদের মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি (বিজি-৭২২) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে স্বজনদের কাছে চার ভাইয়ের মরদেহ হস্তান্তরের সময় রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় তিনি অনাকাঙ্ক্ষিত ও মর্মন্তুদ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। এ ছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরদেহ পরিবহন এবং দাফনকাজের তাৎক্ষণিক খরচ হিসেবে নিহতদের পরিবারকে প্রত্যেক মরদেহের জন্য ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রাতেই চার ভাইয়ের মরদেহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়। আজ বুধবার (২০ মে) বেলা ১১টায় স্থানীয় নেছারাবাদ লালানগর উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তাঁদের যৌথ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হবে। প্রিয়জনদের শেষ বিদায় জানাতে ইতিমধ্যে গ্রামের বাড়িতে পাশাপাশি চারটি কবর খনন করা হয়েছে। একই পরিবারের তরতাজা চার ভাইয়ের এমন করুণ মৃত্যুর ঘটনায় পুরো লালানগর এলাকায় এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে। সম্প্রতি ওমানের দক্ষিণ আল বাতিনাহ অঞ্চলের মুলাদ্দা এলাকায় একটি বন্ধ গাড়ির ভেতর থেকে এই চার প্রবাসী বাংলাদেশি ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছিল।










