মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী আবদুল্লাহ আল মামুনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ সোমবার সকাল ৯টা ১৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে (এসভি-৮০৬) তাঁর নিথর দেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে এক শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে মামুনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাঁর মরদেহ গ্রহণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
নিহত আবদুল্লাহ আল মামুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। গত ৮ মার্চ সৌদি আরবের আল-খারজ এলাকায় ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। ওই ঘটনায় তাঁর শরীরের প্রায় ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল। পরে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।











