হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী আটকে পড়া যাত্রীদের ২৪ ঘণ্টা জরুরি সেবা দিতে একটি বিশেষ হটলাইন চালু করা হয়েছে। আজ রোববার (১ মার্চ) দুপুরে বিমানবন্দর পরিদর্শনকালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ ঘোষণা দেন। এখন থেকে সেবাপ্রত্যাশী যাত্রীরা +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা ও তথ্য জানতে পারবেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আকস্মিক এই ফ্লাইট বিপর্যয়ের কারণে কয়েক হাজার যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন। মূলত যাত্রীদের এই দুর্ভোগ লাঘব করতে এবং সঠিক তথ্য দিয়ে সহায়তা দিতেই মন্ত্রণালয় দ্রুত এই হটলাইন চালুর সিদ্ধান্ত নিয়েছে।
আরও


আটকে পড়া যাত্রীদের থাকা-খাওয়ার অব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী জানান, এখন পর্যন্ত এ ধরনের কোনো আনুষ্ঠানিক অভিযোগ তাঁদের কাছে পৌঁছায়নি। তবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিতে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।








