সর্বশেষ

ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পারভেজ, শেষবারের মতো দেখার আকুতি মায়ের

Parvez dies in road accident in vietnam, mother longs to see him one last timeWeb Popup (3)

ভিয়েতনামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার পারভেজ মণ্ডল (২৩)। বিষয়টি নিশ্চিত করেছেন পারভেজের গ্রামের ভিয়েতনাম প্রবাসী সজীব মণ্ডল। তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পারভেজের কর্মস্থল কোম্পানির কাছে হস্তান্তর করেছে। কোম্পানিটি জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষ হলে পরিবারকে মরদেহ দেখার অনুমতি দেওয়া হবে।

তবে এখনো পর্যন্ত নিহতের পরিবারের সদস্যরা কোনো ছবি বা ভিডিও দেখতে পাননি বলে অভিযোগ করেছেন। পারভেজের বাবা কিয়ামুদ্দিন মণ্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অনেক কষ্টে ধার–কর্জ করে ছেলেকে ভিয়েতনাম পাঠিয়েছিলাম। এখনো দেনা শোধ হয়নি। এখন ছেলের লাশ দেশে আনার ব্যবস্থা কীভাবে করব বুঝতে পারছি না। সরকারের কাছে অনুরোধ, আমার ছেলের মরদেহ যেন দেশে ফেরানো হয়।”

অসুস্থ মা হাসি বেগম বলেন, “আমার চিকিৎসার সব খরচ দিত পারভেজ। এখন ও কোথায় আছে জানি না, ছেলের মুখটা একবারও দেখতে পারলাম না। সরকারের কাছে অনুরোধ, অন্তত একবার যেন তার মুখটা দেখতে দাও।”

নিহতের ছোট ভাই ইয়া হাবিব মণ্ডল আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার ভাই আমাকে খুব ভালোবাসত। স্কুল ব্যাগ কিনে দিয়েছিল। এখন কে আমার খরচ দেবে, কে আমাকে তেমন ভালোবাসবে?”

মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোদন কুমার প্রামাণিক বলেন, পারভেজ ছিলেন ভদ্র ও পরিশ্রমী যুবক। পরিবারের মুখে হাসি ফোটাতে তিনি ভিয়েতনাম গিয়েছিলেন। তার অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি তিনি বাংলাদেশ দূতাবাসের কাছে অনুরোধ জানিয়েছেন, যাতে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup