হবিগঞ্জের চুনারুঘাটে ইসলামি শরীয়তের পরিপন্থী সম্পর্কের জেরে এক নারী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য, আর ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঘটনাটি ঘটেছে চুনারুঘাট পৌর এলাকার শ্রী গুরু শিল্পালয়ের মালিক গোপাল চন্দ্র দেবের ছেলে বাসু দেব দেবের বাড়িতে। শনিবার দুপুর থেকে রানীগাঁও ইউনিয়নের মারজিয়া আক্তার সেখানে অনশন শুরু করেন। জানা গেছে, মারজিয়া এক সন্তানের জননী এবং বাসু দেবও একজন সন্তানের পিতা। ভিডিওতে দেখা যায়, মারজিয়া বিয়ের দাবি জানিয়ে বলেন, প্রেমিক তাকে বিয়ে না করা পর্যন্ত তিনি ওই বাড়ি ছাড়বেন না—প্রয়োজনে জীবন দিয়েও নয়।

আরও
মারজিয়ার অভিযোগ, স্বর্ণের আংটি তৈরির অজুহাতে বাসুদেব প্রথমে তার সঙ্গে যোগাযোগ করেন এবং পরে নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে ঘনিষ্ঠতা বাড়ান। প্রায় তিন বছর ধরে তারা প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। তবে সম্প্রতি বাসু বিয়ে করতে অস্বীকার করলে ক্ষোভে তিনি তার বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। এদিকে ঘটনাটির পর থেকেই বাসুদেব গা-ঢাকা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাত পর্যন্ত প্রেমিকের বাড়িতেই অবস্থান করেন মারজিয়া। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্তঃধর্মীয় এই সম্পর্ক ও অনশনকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনার। স্থানীয়রা বলছেন, এমন ঘটনার ফলে সামাজিক অস্থিরতা বাড়ছে এবং বিষয়টি এখন প্রশাসনের নজরেও এসেছে।











