বগুড়া শহরের চক ফরিদ এলাকায় তালাবদ্ধ ঘর থেকে এক নারীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাত ১২টার দিকে সোহেল রানার বাসার তৃতীয় তলা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত নারীর নাম জান্নাতি আক্তার (২৫)। তিনি আদমদিঘী উপজেলার সান্তাহার লেকো কলোনীর মাজেদ হোসেনের মেয়ে বলে জানা গেছে। বিষয়টি বগুড়া সদর থানার ওসি হাসান বাসির নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জান্নাতির স্বামী বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। স্বামী বিদেশে থাকার সুযোগে তিনি এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রায় এক মাস আগে সেই যুবককে স্বামী পরিচয়ে শহরে একটি বাসা ভাড়া নেন জান্নাতি। তবে বিষয়টি জানাজানি হলে তার স্বামী তুরস্ক থেকে জান্নাতিকে তালাক দেন। এ খবর পাওয়ার পর মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে পুলিশের ধারণা।
স্থানীয়রা জানান, ভাড়া বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বুধবার রাতে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ বাসার মালিকের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায়, খাটের ওপর রাখা প্লাস্টিকের চেয়ার থেকে ওড়না ব্যবহার করে সিলিং ফ্যানে ঝুলে আছেন জান্নাতি। লাশে পচন ধরায় দুর্গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
আরও
জান্নাতির পরিবার জানায়, ২৬ সেপ্টেম্বর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। তাই পুলিশ ধারণা করছে ওই রাতেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি কেস) দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।











