জামালপুরের মাদারগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ।
অভিযোগে অভিযুক্ত হিসেবে নাম এসেছে মাদারগঞ্জ উপজেলা শ্রমিকদলের সহসভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিকের। ভুক্তভোগী নারী ১৮ সেপ্টেম্বর শ্রমিক দল নেতা আবু বক্করসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে ২০২২ সালে বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে প্রলোভন দেখিয়ে প্রায় ২২ লাখ টাকা ধার নেন আবু বক্কর। পরে টাকা ফেরত চাইলে তিনি শারীরিক সম্পর্ক গড়ে তোলেন এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন। পরবর্তীতে টাকা না দিয়ে উল্টো ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল শুরু করেন। সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
আরও
শ্রমিক দলের স্থানীয় নেতারা জানান, আবু বক্কর এর আগেও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কৃত হয়েছিলেন। জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান বলেন, “শ্রমিকদলে অন্যায়কারীর কোনো স্থান নেই। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে অভিযুক্ত আবু বক্করের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।











