সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার

Former land minister's bangladeshi agents abdul aziz and utpal arrestedWeb Popup (3)

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্থপাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল এবং ‘ইম্পেরিয়াল ট্রেডিং’ প্রতিষ্ঠানের মালিক মো. আব্দুল আজিজ। বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

দুদকের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গ্রেপ্তার দুজনকে চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এর মধ্যে আব্দুল আজিজ দুদকের এজাহারভুক্ত আসামি, যিনি দেশে সাইফুজ্জামানের সম্পদ দেখাশোনার দায়িত্বে ছিলেন। অন্যদিকে, উৎপল পালকে নতুন করে মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তদন্ত সূত্রে জানা গেছে, উৎপল পাল বিদেশে সাইফুজ্জামানের সম্পদ অর্জন ও পরিচালনার দায়িত্বে ছিলেন। দুদক তাকে অর্থপাচার প্রক্রিয়ার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে চিহ্নিত করছে। তার কাছ থেকে জব্দ করা দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে।

অন্যদিকে, আব্দুল আজিজ দেশের ভেতরে সম্পত্তি ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখতেন। এ ছাড়া দুদক জানায়, প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মন্ত্রী, তার স্ত্রী রুকমীলা জামান এবং ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ অর্ধশতাধিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনও আদালতে প্রক্রিয়াধীন।

আদালতের আদেশে সাইফুজ্জামান ও তার স্ত্রীর নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি স্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করা হয়েছে। একই সঙ্গে তাদের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে, যেখানে জমা রয়েছে পাঁচ কোটির বেশি টাকা। এছাড়া আদালত তাদের ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ দেন এবং গত বছরের অক্টোবরে দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup