ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বাই সফরের ঠিক আগমুহূর্তে এক গুরুতর নিরাপত্তা বিভ্রাটের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠানস্থলে আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তি অনুপ্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মধ্যে চরম চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়। গতকাল সোমবার রাতে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত জিয়ো ওয়ার্ল্ড প্লাজার কাছে এই ঘটনা ঘটে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে দ্রুত পুরো এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করে পুলিশ এবং সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আটকদের মধ্যে ২৪ বছর বয়সী রোহান পারেখ নামের এক তরুণ এবং তাঁর এক সশস্ত্র ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রয়েছেন। সোমবার রাতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ওই এলাকায় পুলিশের নিয়মিত নিরাপত্তা মহড়া চলছিল। সে সময় তাঁদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহান নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দাবি করেন। তবে তাঁর দেওয়া পরিচয়পত্রটি যাচাই করে পুলিশ নিশ্চিত হয় যে সেটি সম্পূর্ণ ভুয়া। এ সময় তাঁদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়, যা পরে লাইসেন্স করা অস্ত্র বলে জানা যায়।
ভুয়া সরকারি পরিচয়পত্র ব্যবহার করে অস্ত্রসহ এমন একটি অতি সুরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনার তদন্তভার নিজেদের হাতে নিয়েছে এবং ওই দুই ব্যক্তির অনুপ্রবেশের নেপথ্যে মূল উদ্দেশ্য কী ছিল, তা বিস্তারিত খতিয়ে দেখতে তাঁদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬’-এ প্রধানমন্ত্রী মোদির অংশ নেওয়ার কথা রয়েছে। তাঁর উপস্থিতির ঠিক আগে সন্দেহভাজনদের আটকের মাধ্যমে বড় ধরনের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়ানো গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও
আরও দেখুন










