সর্বশেষ

জাপানে ১৫ জুলাই চালু হচ্ছে এনআইডি কার্যক্রম

Nid program to be launched in japan on july 15ProbashircityWebPopupUpdate

প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করতে নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগ এখন আরও বেগবান। চলতি বছরের এপ্রিল মাসে অস্ট্রেলিয়া ও কানাডায় এনআইডি কার্যক্রম শুরুর পর এবার জাপানে এ কার্যক্রম চালুর প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। আগামী ১৫ জুলাই জাপান প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।

ইসি জানায়, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত নয়টি দেশের ১৬টি স্টেশনে প্রবাসীদের এনআইডি কার্যক্রম চলছে। এর মধ্যে সাতটি দেশে প্রায় ১৯ হাজার ২৮৬ জন প্রবাসী ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তাদের মধ্যে ১১ হাজার ১২৩ জন ইতোমধ্যে এনআইডি হাতে পেয়েছেন। চলতি বছরেই আরও ১০ থেকে ১২টি দেশে এ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

জাপানে কার্যক্রম শুরু উপলক্ষে ২৬ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে আগামীকাল (৩০ মে) টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন জাপান সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর ১৫ জুলাই থেকে এনআইডি কার্যক্রম চালু হবে। ইসির চার থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এ কার্যক্রমে অংশ নিতে জাপানে যাবে।

প্রস্তুতির অংশ হিসেবে, আগামী ৩-৪ জুন প্রয়োজনীয় যন্ত্রপাতি—ল্যাপটপ, সার্ভার, ক্যামেরা, প্রিন্টার, আইরিশ ও সিগনেচার স্ক্যানারসহ অন্যান্য সরঞ্জাম—জাপানে পাঠানো হবে। পরে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের জন্য একটি দলও পাঠানো হবে যাতে তারা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারেন।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় ভোটার নিবন্ধন চলছে। এ পর্যন্ত মোট ৪৫ হাজার ১৮৪টি আবেদন জমা পড়ে, যার মধ্যে নিবন্ধন সম্পন্ন হয়েছে ২৮ হাজার ৯২৬ জনের। যাচাই-বাছাইয়ে ভুলের কারণে ৩ হাজার ৫৬৩টি আবেদন বাতিল করা হয়েছে। বিভিন্ন পর্যায়ে আরও হাজার হাজার আবেদন তদন্তাধীন রয়েছে।

নির্বাচন কমিশনের লক্ষ্য, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও ১০-১২টি দেশে এ কার্যক্রম চালু করা এবং ভবিষ্যতে ৪০টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন সম্প্রসারণ করা। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ২ কোটি বাংলাদেশি প্রবাসী রয়েছেন। তাদের সংবিধানস্বীকৃত ভোটাধিকার নিশ্চিত করতে ২০১৯ সালের ১৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে প্রথম এনআইডি কার্যক্রমের সূচনা হয়, যা আজ আরও বিস্তৃত ও কার্যকর হয়ে উঠছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate