Long Popup (2)
সর্বশেষ

জেলা অফিস থেকেই করা যাবে এনআইডি সংশোধন

এনআইডি সংশোধনে ‘গ’ ক্যাটাগরির দায়িত্ব পেলেন জেলা অফিসাররাProbashircityWebPopupUpdate

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রক্রিয়াকে আরও গতিশীল করতে সারা দেশের জেলা নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এনআইডি সংশোধনের জন্য আসা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তারা একটি বিশেষ কার্যক্রম (ক্র্যাশ প্রোগ্রাম) পরিচালনা করবেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, এনআইডি কার্যক্রমের অংশ হিসেবে ‘গ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির ক্ষমতা এখন ৬৪ জেলার জেলা নির্বাচন কর্মকর্তাদের হাতে ন্যস্ত করা হয়েছে। এর আগে, এই নির্দিষ্ট ধরনের আবেদন নিষ্পত্তির একমাত্র দায়িত্ব ছিল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের উপর। এছাড়াও, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চলের বিপুল সংখ্যক আবেদনের কথা বিবেচনা করে, সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদেরও এই ক্ষমতা প্রদান করা হয়েছে।

অন্যদিকে, বৃহত্তর ১৯টি সিনিয়র জেলার ‘খ’ ক্যাটাগরির অমীমাংসিত আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম (ক্র্যাশ প্রোগ্রাম) পরিচালনার ক্ষমতা সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম জেলার অতিরিক্ত সংখ্যক আবেদনের কারণে, সেখানকার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদেরও এই দায়িত্ব দেওয়া হয়েছে। ক্ষমতাপ্রাপ্ত এই কর্মকর্তারা আগামী ৩০ জুনের মধ্যে তাদের নিজ নিজ অঞ্চল বা জেলার অমীমাংসিত আবেদনগুলো নিষ্পত্তি করবেন।

অফিস আদেশে আরও বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ‘গ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির পাশাপাশি এই বিশেষ কার্যক্রম (ক্র্যাশ প্রোগ্রাম) সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমন্বয় ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন। ঢাকা ও চট্টগ্রাম জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তারা তাদের নিয়মিত দায়িত্বের পাশাপাশি এই বিশেষ কার্যক্রমের সমন্বয় ও তত্ত্বাবধান করবেন। দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে পুরোনো আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) এই বিশেষ কার্যক্রমের সার্বিক বিষয় পর্যবেক্ষণ করবেন এবং প্রতি ১৫ দিন অন্তর কাজের অগ্রগতি সম্পর্কে এনআইডি মহাপরিচালককে অবহিত করবেন।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate