ইন্দোনেশিয়ায় ভয়ংকর এক ধর্মীয় অবমাননার ঘটনা ঘটেছে। এক নারীকে চুরির অপবাদ দিয়ে তাকে কোরআনের ওপর পা রেখে শপথ করিয়েছেন তার এক আত্মীয়। এমনকি ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেন তিনি। দ্রুতই ভিডিওটি ভাইরাল হলে তীব্র ক্ষোভ আর সমালোচনার ঝড় উঠে।
চরম আপত্তিকর এই ভিডিওটি পুলিশের নজরে আসার পর জড়িত দুই নারীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত বুধবার এই ঘটনা ঘটেছে। রাজধানী জাকার্তা থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে বানতেনের লেবাকের এক সেলুন মালিক এক অতিথির বিরুদ্ধে জিনিসপত্র চুরির অভিযোগ তোলেন। কিন্তু যখন ওই নারী অভিযোগ অস্বীকার করেন, তখন সেলুন মালিক তাকে কোরআনের ওপর পা রেখে শপথ নিতে জোর করেন এবং এই ঘটনার একটি ভিডিও ধারণ করেন।
ইন্দোনেশিয়ার ধর্ম অবমাননা আইনে দোষী প্রমাণিত হলে তাদের পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। এই আইন অনুযায়ী, দেশের ছয়টি সরকারি ধর্মের কোনো একটিকে অবমাননা করে কোনো মন্তব্য করা অথবা কাউকে সেই ধর্মগুলোর কোনো একটি পালনে বাধা দেওয়ার চেষ্টা করা নিষিদ্ধ।









