মালয়েশিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কেলান্তানে এক ‘সমকামী পার্টিতে’ অভিযান চালিয়ে ডজনখানেক পুরুষকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজ্য পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ মামাত বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে কোটা ভারু শহরের একটি ভাড়া বাড়িতে নজরদারির পর গত মাসে গভীর রাতে এ অভিযান চালানো হয়। অভিযানে ২০ জন পুরুষকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সবাই একটি সমকামী গোষ্ঠীর সদস্য বলে স্বীকার করেন বলে দাবি পুলিশের।
অভিযানের সময় যৌন কর্মকাণ্ডের সরাসরি কোনো প্রমাণ না মিললেও ঘটনাস্থল থেকে বেশ কিছু কনডম ও এইচআইভি প্রতিরোধে ব্যবহৃত ওষুধ উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে তিনজনের মোবাইলে সমকামী পর্নোগ্রাফি থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে পর্যাপ্ত তথ্যপ্রমাণ না থাকায় বাকিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়নি।
আরও
মালয়েশিয়া একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে শরিয়া আইন অনুযায়ী সমকামিতা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত। দেশটিতে সমকামী, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের বিরুদ্ধে সামাজিক ও আইনি অসহিষ্ণুতা ক্রমেই বাড়ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনগুলো।
এর আগেও এলজিবিটিকিউ সম্প্রদায়কে কেন্দ্র করে বিভিন্ন সময় কড়া অবস্থান নিয়েছে মালয়েশিয়ার প্রশাসন। ২০২৩ সালে একটি আন্তর্জাতিক সঙ্গীত উৎসব বাতিল করে দেওয়া হয়, যখন একটি ব্যান্ড সদস্য মঞ্চে অপর পুরুষ সদস্যকে চুমু খেয়ে সমকামী অধিকারের পক্ষে অবস্থান নেন। এছাড়া ২০১৮ সালে সমকামী যৌনতার চেষ্টার অভিযোগে দুই নারীকে প্রকাশ্যে বেত্রাঘাতের ঘটনাও ঘটেছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে, ২০২০ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে নিষিদ্ধ হওয়া প্রকাশনার প্রায় অর্ধেকই এলজিবিটিকিউ বিষয়ক।











