মার্কিন সংগীত তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে নেটদুনিয়ায়। সম্প্রতি মন্ট্রিয়লের একটি বিলাসবহুল রেস্টুরেন্টে তাঁদের একান্ত নৈশভোজের ছবি ও ভিডিও ভাইরাল হলে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। একে কেউ বলছেন নিছক বন্ধুত্ব, আবার অনেকেই মনে করছেন—এটি হতে পারে এক নতুন সম্পর্কের সূচনা।
মার্কিন এক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ‘লে ভায়োলিনে’ নামের ওই রেস্টুরেন্টে কেটি ও ট্রুডো গভীর মনোযোগে একে অপরের সঙ্গে কথা বলছেন। রেস্টুরেন্টের কর্মীদের মতে, তারা দুজনই রাত্রিকালীন খাবারে লবস্টারসহ নানা পদ উপভোগ করেছেন এবং খাবার শেষে রন্ধনকর্মীদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে রান্নাঘর পর্যন্ত গিয়েছেন।
বর্তমানে কেটি পেরি কানাডায় কনসার্ট সফরে রয়েছেন। মন্ট্রিয়লে পারফর্ম করার পাশাপাশি তাঁর অটোয়াতে অনুষ্ঠান রয়েছে। ব্যক্তিগত জীবনে কেটি সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, যাকে ঘিরেই এখনও পারিবারিক বন্ধন কিছুটা বজায় রয়েছে।
আরও
অন্যদিকে, জাস্টিন ট্রুডোও ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তাঁদের সংসারে তিন সন্তান রয়েছে—জাভিয়ের, এলা-গ্রেস ও হ্যাড্রিয়েন।
তাদের ব্যক্তিগত জীবনের এমন মোড়ে ঘনিষ্ঠ এই বৈঠককে অনেকেই ‘সম্ভাব্য রোমান্সের সূচনা’ বলেই আখ্যা দিচ্ছেন। তবে বিষয়টি নিয়ে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।












