ট্রাম্পের বিজয়ের পর অনেকে বলছেন আওয়ামী লীগ বোধহয় ক্ষমতায় চলে আসবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হলো, এই বিপ্লবে বিদেশি কোনো সমর্থন ছিল না এই বিপ্লব সম্পূর্ণভাবেই আমাদের বলে মন্তব্য করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। কাজেই ওয়াশিংটনে ট্রাম্প আসলো, না কমলা হ্যারিস আসলো তাতে আমাদের কিছু যায় আসে না। ওয়াশিংটনের সমর্থনে আমরা বিপ্লব করিনি।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে লেখক সাহাদত হোসেন খানের ‘চব্বিশের গণঅভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
এ সময় মাহমুদুর রহমান বলেন, আমরা আমাদের ছাত্র-জনতার শক্তিতে বিপ্লব করেছি। শক্তিশালী ও আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলার জন্য এই বিপ্লব হয়েছে। এই জাতি ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকবে না। ফলে ওয়াশিংটন নির্বাচনে আমাদের কিছু যায় আসবে না।
জাতীয় সংহতি দিবস স্মরণ করে তিনি বলেন, ১৯৭৫ এর ৭ নভেম্বর আমরা জনতার বিপ্লব দেখেছি, যে অসাধারণ বিপ্লবের মাধ্যমে ভারতের ষড়যন্ত্র প্রতিহত করা হয়েছিল। সেই অভ্যুত্থানের মাধ্যমে সব বাংলাদেশি প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ লাভ করে।
আরও
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক আরও বলেন, গত ১৬ বছর ধরে স্বাধীনতা হারিয়ে বাংলাদেশ আবার ভারতের অধীন হয়ে যায়। সেখান থেকে ছাত্র-জনতা আমাদের উদ্ধার করে, আমরা যেন তাদের অবদান না ভুলি। এই বিপ্লব সবাই চেয়েছে, কিন্তু তরুণরা নেতৃত্ব দিয়েছে। আপামর জনতা বিপ্লবের সঙ্গে ছিল।










