সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়, এরপর বন্ধুত্ব ও প্রেম। সেই প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে যশোরের শার্শা উপজেলার এক যুবককে বিয়ে করেছেন নূর হায়াতি নামের এক মালয়েশীয় তরুণী। দুই দেশের দুই নাগরিকের এই ব্যতিক্রমী প্রেম ও বিয়ের ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
বর সোহাগ যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘ ১৫ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন তিনি। সেখানে থাকাকালেই টিকটকের মাধ্যমে মালয়েশীয় তরুণী নূর হায়াতির সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, এরপর নিয়মিত কথাবার্তার একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ককে স্থায়ী রূপ দিতে সোহাগকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে বাংলাদেশে চলে আসেন নূর হায়াতি।

আরও
জানা গেছে, গত ১৮ নভেম্বর যশোরে আদালতের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। পরে গতকাল শনিবার (২৮ নভেম্বর) ডুপপাড়া গ্রামে সোহাগের নিজ বাড়িতে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা আয়োজন করা হয়। বিদেশি বধূকে একনজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় জমান আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বিএনপির সভাপতি মো. আশা বলেন, দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার সুবাদে টিকটকের মাধ্যমে নূর হায়াতির সঙ্গে সোহাগের পরিচয় ও প্রেম হয়, যা শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে। অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু জানান, ১৮ নভেম্বর আদালতে বিয়ে সম্পন্ন হওয়ার পর দুই পরিবারের সম্মতিতে বাড়িতে আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।


বিয়ের অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. নুরুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের সুখী দাম্পত্য জীবন কামনা করেন।










