সর্বশেষ
ব্রেকিং

সৌদি আরবের পাহাড়ি সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন দুই বাংলাদেশি

Hjkl;Web Popup (3)

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আভা অঞ্চলে পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই প্রবাসী হলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকার বাসিন্দা আশরাফ উদ্দিন রনি (২৬) এবং ফ্রিজার ভ্যানের চালক কামরুল হাসান। কামরুল হাসানের বাড়ি নোয়াখালী জেলায়।

নিহত আশরাফের চাচা এবং খাগড়াছড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে মাছ বোঝাই একটি ফ্রিজার ভ্যানে করে আভা অঞ্চল থেকে জিজানের উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই দুই প্রবাসী। পথে পাহাড়ি সড়ক দিয়ে নিচে নামার সময় তাঁদের বহনকারী ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ভ্যানের চালক কামরুল হাসান এবং তাঁর পাশের আসনে থাকা আশরাফ উদ্দিন রনি প্রাণ হারান।

মীর হোসাইন আরও জানান, মাত্র দুই মাস আগে দেশ থেকে ছুটি কাটিয়ে সৌদি আরবের কর্মস্থলে ফিরেছিলেন আশরাফ। ছুটি শেষে ফিরে যাওয়ার অল্প সময়ের মধ্যেই তাঁর এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বর্তমানে নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য স্বজনদের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন মীর হোসাইন। তবে ভ্যানটি ঠিক কীভাবে দুর্ঘটনার কবলে পড়েছে কিংবা মরদেহগুলো বর্তমানে কোন হাসপাতালে রাখা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)