সর্বশেষ

‘শেখ হাসিনা কি বেঁচে আছেন, মানুষের মনে বড় প্রশ্ন’

HASINA 6b055760f3cf0Web Popup (3)

দেশে ফেরার মতো সাহস থাকলে শেখ হাসিনা কখনো দেশ ছেড়ে পালাতেন না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ লেখেন, গত দুদিন আগে কোনো তথ্যসূত্র ছাড়াই বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে সীমান্ত দিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং সে জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা রাস্তা খুঁজতে সীমান্তবর্তী এলাকায় এসেছিলেন। তবে সেসব সংবাদে সঠিক কোনো সূত্র উল্লেখ ছিল না, এমনকি তাঁদের কোনো ছবিও গণমাধ্যম দেখাতে পারেনি। আজ আবার রয়টার্স তাঁর কথিত মুখপাত্রের বরাতে খবর প্রকাশ করেছে, ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে ফিরতে চান শেখ হাসিনা।

এসব সংবাদের কোনো ভিত্তি নেই দাবি করে আবু হানিফ বলেন, ‘একজন পলাতক খুনি আড়াই বছরের বেশি সময় ধরে নিজের চেহারাটা গণমাধ্যমে দেখাতে পারে নাই, সে আবার দেশে ফিরবে? মানুষের মনে বড় প্রশ্ন, আদৌ কি সে বেঁচে আছে? বাস্তবতা হলো, যদি শেখ হাসিনা বেঁচে থাকে, তাহলেও সে দেশে ফিরবে না। কেননা, দেশে ফেরার মতো সাহস থাকলে সে কখনো পালাত না। খুনি হাসিনা ভালো করেই জানে, দেশের জনগণের হাত থেকে ৫ আগস্ট সেনাবাহিনী রক্ষা করতে পারলেও জনগণ আরেকবার সুযোগ পেলে তাকে আর কেউ বাঁচাতে পারবে না।’

প্রসঙ্গত, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আজ বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন তিনি। চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করার পর এবার ভারত থেকে ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বিমান পরিবহনের ব্যবস্থা চান তিনি। সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল দাবি করে মোজাম্মেল আলী বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)