সৌদি আরবের কাসিম অঞ্চলে একটি বাস উল্টে একই পরিবারের চার নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, জুলফি ও হাইল শহরের মধ্যবর্তী সড়কে চলন্ত বাসটির চাকা বিকল হয়ে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই কাসিম ট্রাফিক বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। এদিকে সৌদি আরবের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি সেন্টার জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক অবস্থা খতিয়ে দেখতে তারা এরই মধ্যে তথ্য ও প্রমাণ সংগ্রহ শুরু করেছে।
এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সৌদি ট্রাফিক বিভাগ চালকদের নিয়মিত সতর্ক করে আসছে। দূরপাল্লার যাত্রার আগে গাড়ির চাকার বাতাস, মেয়াদ ও সার্বিক অবস্থা ভালোভাবে পরীক্ষা করে নেওয়া জরুরি। এর পাশাপাশি নির্ধারিত গতিসীমা মেনে চলা, সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখা, হঠাৎ লেন পরিবর্তন না করা এবং সিটবেল্ট বাঁধার ওপর জোর দিয়েছে কর্তৃপক্ষ। নিয়মিত গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের সচেতনতাই সড়কে বড় ধরনের প্রাণহানি রোধ করতে পারে।










