সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাতে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, রাস আল খাইমাহর আল ওয়াতান সড়কে বাস ও ট্রাকটির মধ্যে এই সংঘর্ষ ঘটে।
খবর পেয়েই বিশেষায়িত উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা জরুরি উদ্ধারকাজ পরিচালনার পাশাপাশি দুর্ঘটনাস্থল নিরাপদ করা ও যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে দুর্ঘটনা নিয়ে কোনো ধরনের গুজব বা অসত্য তথ্য না ছড়ানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে মোট ৬ হাজার ১৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। এসব দুর্ঘটনায় হতাহত হয়েছেন ৭ হাজার ৯৪৭ জন। মোট দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে যানবাহনের সংঘর্ষ, যার সংখ্যা ৪ হাজার ৮৫টি। সড়কে এ ধরনের প্রাণহানি এড়াতে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ট্রাফিক পুলিশ চালকদের নিয়মিত সতর্ক করে আসছে।











