সর্বশেষ
ব্রেকিং

৯ মাসে বিদেশে চাকরি পেয়েছেন পাঁচ লাখ বাংলাদেশি

Image 353069Web Popup (3)

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখ ৯৬ হাজার ১৫০ জন বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। অর্থাৎ, এই সময়ে প্রায় পাঁচ লাখ কর্মী বিদেশে চাকরির সুযোগ পেয়েছেন। তাঁদের মধ্যে ৩ লাখ ৪০ হাজার ৫৩৩ জন দক্ষ ও আধা দক্ষ কর্মী।

গত ১৫ নভেম্বর জাতীয় সংসদে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ইউএনবি ও দ্য ফিন্যানশিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

মন্ত্রী জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হয়েছে। এর আগে যেতে না পারা কর্মীদের মধ্যে এ পর্যন্ত ১ হাজার ৫৪৫ জনকে দেশটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা খরচে কর্মী পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। এ ছাড়া সৌদি আরব, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, পর্তুগাল, ইতালি, রোমানিয়া, সার্বিয়া, ফিজি ও মরিশাসসহ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীরা যাচ্ছেন এবং নতুন শ্রমবাজার তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

কাতারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির সম্ভাবনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, দেশটি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কারিগরি কাজ জানা কর্মী ও ওয়েল্ডার নিয়োগে আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে, জাপানেও কর্মী পাঠানোর উদ্যোগ চলছে। আন্তর্জাতিক জনশক্তি উন্নয়ন সংস্থার (আইএম জাপান) সহযোগিতায় বিনা খরচে কারিগরি প্রশিক্ষণার্থী পাঠানো হচ্ছে এবং দেশটির সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মী নিয়োগের চুক্তি হয়েছে।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ১ লাখ কর্মীকে চালকের প্রশিক্ষণ দেওয়ার একটি প্রকল্প চলছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি কর্মীদের দক্ষতা বাড়াতে জাপানি, কোরীয়, ইংরেজি, চীনা, আরবি, ইতালীয় ও জার্মান ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)