সর্বশেষ
ব্রেকিং

ইয়েমেনে সৌদির ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৪১

10Web Popup (3)

লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুদায়দাহ বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। শুক্রবার (২০ নভেম্বর) চালানো এই হামলাকে ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক’ আখ্যা দিয়ে সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এর মধ্যে হুদায়দাহ বন্দরের কার্যক্রম পরিচালনাসংক্রান্ত স্থাপনাও রয়েছে। পাশাপাশি রাজধানী সানা, সা’দা ও তায়িজে আরও হামলার ঘোষণা দিয়েছে জোটটি।

এক বিবৃতিতে হুতির পরিবহন ও গণপূর্ত মন্ত্রণালয় এ হামলাকে ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়, এই হামলা ইয়েমেনের জনগণ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর বিরুদ্ধে যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়ার একগুঁয়েমি আবারও স্পষ্ট করেছে। হামলার ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক পরিণতির জন্য সৌদি শাসকগোষ্ঠীকে সম্পূর্ণ দায়ী করেছে মন্ত্রণালয়।

অন্যদিকে হুতির পররাষ্ট্রমন্ত্রী এ হামলাকে ‘হঠকারী কাজ’ আখ্যা দিয়ে বলেন, সৌদি আরবকে এর জন্য বড় মূল্য দিতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা ও পাল্টা জবাব দেওয়ার বৈধ অধিকার রয়েছে উল্লেখ করে ‘উত্তেজনার জবাব উত্তেজনা’ নীতির কথা তুলে ধরেছে মন্ত্রণালয়। সৌদি অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত পাল্টা অভিযান অব্যাহত রাখারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইয়েমেনে ১২ বছর ধরে চলা সৌদি অবরোধের প্রসঙ্গ টেনে হুতি সরকারের মুখপাত্র ওমর আল-বুখাইতি বলেন, খাদ্য ও নিত্যপণ্য পৌঁছানোর প্রধান বন্দরে হামলা চালানো জনগণের দুর্ভোগ বাড়ানো এবং অবরোধ আরও কঠোর করার পরিকল্পিত চেষ্টা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলার পর জেদ্দা বন্দরসহ সৌদি আরবের লোহিত সাগর উপকূলের অন্যান্য বন্দর হুতির সশস্ত্র বাহিনীর জন্য ‘বৈধ লক্ষ্যবস্তুতে’ পরিণত হয়েছে। এর আগেও হুদায়দাহ বন্দরে হামলা হলে সৌদি বন্দরগুলোতে আঘাত হানার সতর্কবার্তা দিয়েছিল হুতির সামরিক শাখা।

এদিকে হুতির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সৌদি যুদ্ধবিমানের হামলায় অন্তত ৪১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাঁদের মধ্যে ১১ শিশু ও ৭ নারী রয়েছেন। এ ছাড়া সানা, তায়িজ, সা’দা, লাহিজ ও হাজ্জা প্রদেশে আহত হয়েছেন আরও ২৮ জন। এ নিয়ে সাম্প্রতিক সৌদি হামলায় নিহত ইয়েমেনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৮ জনে এবং আহত হয়েছেন ৯২৪ জন।

গত জুলাইয়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি বোমা হামলার পর থেকে নতুন করে এই উত্তেজনা শুরু হয়। এর জবাবে ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতি ঘোষণা করে লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয় হুতি। সাম্প্রতিক মাসগুলোতে লোহিত সাগরে সৌদি-সংশ্লিষ্ট জাহাজে নৌ অভিযান চালিয়ে রিয়াদের জ্বালানি রপ্তানিতে প্রভাব ফেলার পাশাপাশি সৌদি আরবের অভ্যন্তরে পাল্টা হামলা ও গত সেপ্টেম্বরে বাব আল-মান্দেব প্রণালির ওপর নিয়ন্ত্রণ জোরদার করার দাবি করেছে গোষ্ঠীটি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)