দখলকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আবারও হানা দিয়েছে ডজন ডজন ইসরায়েলি বসতিস্থাপনকারী। ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তা ও সুরক্ষার মধ্য দিয়ে তারা মসজিদ চত্বরে অনুপ্রবেশ করে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
জেরুজালেম গভর্নর অফিস জানিয়েছে, ১১৫ জন ইসরায়েলি বসতিস্থাপনকারী বিভিন্ন দলে বিভক্ত হয়ে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। চত্বরে ঢুকে তারা সেখানে দলবদ্ধভাবে তালমুদীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনা সম্পন্ন করে।
প্রসঙ্গত, ১৯৬৭ সালের স্থিতাবস্থা চুক্তি অনুযায়ী অমুসলিমদের জন্য আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনের অনুমতি রয়েছে। তবে ওই চুক্তি অনুসারে, সেখানে অমুসলিমদের কোনো ধরনের প্রার্থনা বা উপাসনা করার নিয়ম নেই। সেই নিয়ম উপেক্ষা করেই পুলিশের সুরক্ষায় মসজিদ চত্বরে ঢুকে প্রার্থনা সম্পন্ন করল ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। সূত্র: আলজাজিরা









