দালালের খপ্পরে পড়ে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে ভারতে আটক হয়ে দীর্ঘ পাঁচ বছর দুই মাস কারাভোগের পর দেশে ফিরেছেন জামালপুরের তিন যুবক। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাঁরা বাংলাদেশে প্রবেশ করেন। দেশে ফেরা এই তিন যুবক হলেন—জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল পক্ষীমারী গ্রামের সোনা মণ্ডলের ছেলে মেহেদী হাসান (২০), জয়নাল মিয়ার ছেলে মমিন মিয়া (১৯) এবং রেজাউল করিমের ছেলে শাওন হাসান (১৮)।
পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে ও উন্নত জীবিকার আশায় ২০২১ সালে এই তিন যুবক দেশ ছেড়েছিলেন। কিন্তু দালালের প্রতারণার শিকার হয়ে ওই বছরের ১০ আগস্ট দিল্লির বিমানবন্দরে আটক হন তাঁরা। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ২০২১ সালের অক্টোবরে আদালত তাঁদের আট বছরের কারাদণ্ড দিয়ে উত্তর প্রদেশের লখনৌ কারাগারে পাঠান। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাঁদের মুক্ত করতে দীর্ঘ আইনি লড়াই শুরু করেন।
অবশেষে সেই আইনি প্রক্রিয়া শেষে গত ১৩ নভেম্বর লখনৌ কারাগার থেকে মুক্তি পান মেহেদী, মমিন ও শাওন। মঙ্গলবার দেশে ফেরার পর তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী শাওনের বাবা রেজাউল করিম। প্রিয়জনদের ফিরে আসার খবরে তিন পরিবারেই এখন বইছে আনন্দের বন্যা। তবে এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই।









