ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। লোহিত সাগর ও গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি এলাকা থেকে সেনা সরিয়ে বর্তমানে তারা অস্থায়ী রাজধানী এডেনের সুরক্ষায় জোর দিচ্ছে। এমন পরিস্থিতিতে হুতিদের বিরুদ্ধে লড়াইরত জোট বাহিনীর কমান্ডারেও পরিবর্তন এনেছে সৌদি আরব। সোমবার এক রাজকীয় ডিক্রির মাধ্যমে বাদশাহ সালমান লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে সরিয়ে নতুন কমান্ডার হিসেবে জেনারেল ফাইয়াদ আল-রুয়াইলিকে নিয়োগ দিয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, জোট বাহিনীর এই পিছু হটাকে হুতিদের বিরুদ্ধে সৌদি-সমর্থিত অভিযানের বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। লোহিত সাগর উপকূলের বেশ কয়েকটি এলাকা পুনর্দখলে জোরালো অভিযান চালালেও এডেনের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে পিছু হটতে বাধ্য হয় জোট বাহিনী। ইয়েমেন সরকার এটিকে ‘বৃহত্তর সামরিক কৌশলের অংশ’ বলে দাবি করলেও, সাম্প্রতিক সময়ে হুতিদের একের পর এক এলাকা দখল জোটের সামরিক অবস্থানকে দুর্বল করে তুলেছে।
এদিকে, সংঘাত তীব্র আকার ধারণ করায় ইয়েমেনের বেসামরিক মানুষ চরম ঝুঁকিতে পড়েছেন। অবরুদ্ধ তাইজ শহরের হাসপাতালগুলোতে জ্বালানি ও অক্সিজেনের অভাবে দুদিনের মধ্যে চিকিৎসাসেবা বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে, ইয়েমেনের সরকারি বাহিনীর দাবি, তারা ১৭৩ জন হুতি যোদ্ধাকে হতাহত করেছে। এর আগে মক্কা ও রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুতিদের দুটি ড্রোন ভূপাতিত করার কথা জানায় সৌদি আরব।











