ওমানে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য বড় এক স্বস্তির খবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এখন থেকে মালিকপক্ষ কোনো লিখিত চুক্তিপত্র বা কন্ট্রাক্ট পেপার না দিলেও কর্মীদের আইনি অধিকার ক্ষুণ্ন হবে না। খুব সাধারণ কিছু প্রমাণ দেখিয়েই প্রবাসীরা নিজেদের ন্যায্য অধিকার আদায় করতে পারবেন।
ওমানের শ্রম মন্ত্রণালয়ের আইনি বিভাগ জানিয়েছে, লিখিত চুক্তি না থাকলে বেতনের রসিদ বা ব্যাংকে বেতন ঢোকার প্রমাণ দিয়েও চাকরি প্রমাণ করা যাবে। এমনকি অফিসে হাজিরা দেওয়ার খাতা, আইডি কার্ড, ইমেইল বা হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপের কথোপকথনও এখন থেকে আইনি প্রমাণ হিসেবে গণ্য হবে। প্রয়োজনে যেকোনো কর্মীকে সাক্ষী হিসেবেও উপস্থাপন করা যাবে।
নতুন চাকরিতে যোগ দেওয়ার পর শিক্ষানবিশকাল বা প্রবেশন পিরিয়ড নিয়েও সুনির্দিষ্ট নিয়মের কথা মনে করিয়ে দিয়েছে মন্ত্রণালয়। মাসিক বেতনের কর্মীদের ক্ষেত্রে এই সময়সীমা কোনোভাবেই তিন মাসের বেশি হতে পারবে না, আর অন্যদের ক্ষেত্রে তা সর্বোচ্চ দুই মাস। কোনো কর্মীকে একই মালিক দ্বিতীয়বার শিক্ষানবিশ হিসেবে রাখতে পারবেন না। তবে এই সময়ে কাজ চালিয়ে যাওয়া সম্ভব না হলে, অন্তত সাত দিনের নোটিশ দিয়ে মালিক বা কর্মী- যেকোনো পক্ষ চাইলে চুক্তি বাতিল করতে পারবেন।










