ইসরায়েলের উত্তরাঞ্চলীয় পশ্চিম গ্যালিলি এলাকায় হঠাৎ বেজে ওঠে ড্রোন হামলার সতর্কতামূলক সাইরেন। এতে মুহূর্তেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে কিছুক্ষণের মধ্যেই স্বস্তি ফেরে জনমনে, যখন জানা যায় সেখানে আসলে কোনো হামলার ঘটনাই ঘটেনি। মূলত রাডারের ভুল শনাক্তকরণের কারণেই বেজে উঠেছিল এই বিপদের সাইরেন।
রোববার (৮ নভেম্বর) সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করা হয়। আইডিএফ জানায়, ড্রোন অনুপ্রবেশের আশঙ্কায় ওই এলাকায় সাইরেন বাজানো হলেও, পরে যাচাই করে দেখা গেছে সেটি সম্পূর্ণ ভুল সংকেত ছিল। বাস্তবে ওই অঞ্চলে কোনো ড্রোনের অস্তিত্বই ছিল না।
সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আকাশে থাকা অন্য কোনো বস্তুকে প্রাথমিকভাবে ভুল করে ড্রোন হিসেবে শনাক্ত করেছিল তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। আর সেই কারণেই স্বয়ংক্রিয়ভাবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে এ ঘটনায় কোথাও কোনো হতাহত বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। অত্যাধুনিক প্রযুক্তি থাকার পরও ঠিক কী কারণে এমন ভুল হলো, তা খতিয়ে দেখছেন আইডিএফের কর্মকর্তারা।










