ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি আরবের ভয়াবহ বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। শনিবার সানার পূর্বে বানি হুশাইশ এলাকায় এই হামলা চালানো হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩৯ জন। রোববার রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
হুথি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবার দাবি, হামলায় আবাসিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকর্মীদের ওপরও হামলা চালানো হয়েছে। স্থানীয় হাসপাতালের পরিচালক জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা বেশ আশঙ্কাজনক। তবে রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি। সৌদি আরব জানিয়েছে, তারা হামলার প্রতিবেদনটি নিয়ে তদন্ত করছে।
গত জুলাই মাসে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সৌদি জোট ও হুথিদের মধ্যে নতুন করে এই সংঘাত শুরু হয়। হুথিরা সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলা চালাচ্ছে, আর জবাবে ইয়েমেনে পাল্টা বোমা ফেলছে সৌদি আরব। চলমান এই সংঘাতে ইতোমধ্যে দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।
আরও
সূত্র: রয়টার্স










