প্রিয়জনকে চিরতরে হারানোর বেদনা যে শুধু মানুষ নয়, প্রাণীরাও একইভাবে অনুভব করতে পারে, তার একটি মর্মস্পর্শী দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মালিকের শেষযাত্রায় তার মরদেহের পাশ থেকে কিছুতেই সরতে চাইছে না একটি পোষা কুকুর। ফুলে সাজানো গাড়িতে থাকা সাদা কফিনের ওপর বারবার লাফ দিয়ে উঠছে কালো রঙের অবলা প্রাণীটি।
মরদেহবাহী একটি গাড়ির পেছনের ডালা খোলা এবং সেখানে সাদা রঙের একটি কফিন রাখা আছে। কফিনের আশপাশে ছড়ানো বেশ কিছু ফুল। আর সেই গাড়ির পেছনে দাঁড়িয়ে বারবার কফিনের ওপর ওঠার চেষ্টা করছে কুকুরটি। কখনো সে সামনের পা তুলে কফিনটি স্পর্শ করছে, কখনোবা অস্থিরভাবে এদিক-ওদিক তাকাচ্ছে। প্রিয় মালিককে শেষবারের মতো একটু ছুঁয়ে দেখার এই আকুলতা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।
দীর্ঘদিন একসঙ্গে থাকতে থাকতে মালিকের সঙ্গে পোষা প্রাণীর এক নিবিড় আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। মালিকই হয়ে ওঠেন তাদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়। গবেষকদের মতে, পরিচিত বা প্রিয় মানুষকে হারানোর পর কুকুরের আচরণে ব্যাপক পরিবর্তন আসে; তারা অস্থির হয়ে ওঠে বা খাওয়া কমিয়ে দেয়। অবলা এই কুকুরটির হৃদয়বিদারক আচরণ যেন সেই নিঃস্বার্থ ভালোবাসারই এক জ্বলন্ত প্রমাণ।








