Opens in a new tab
সর্বশেষ

সৌদিতে হামলায় হুতিরা কি রুশ স্যাটেলাইটের সহায়তা নিচ্ছে?

1793441585 9cd22a8d3b8ef2fe00473c8d99d8e7ecWeb Popup (3)

সৌদি আরবের সামরিক ও জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ হামলা চালাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এবার রাশিয়ার স্যাটেলাইট থেকে পাওয়া নিখুঁত গোয়েন্দা তথ্যের সহায়তা নিচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক বেসরকারি গোয়েন্দা প্রতিষ্ঠান ‘অরোরা জিওসিগন্যাল ইন্টেলিজেন্স’-এর এক চাঞ্চল্যকর অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে পরাশক্তি রাশিয়ার এমন পরোক্ষ সহায়তার অভিযোগ পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তার জন্ম দিচ্ছে। প্রতিষ্ঠানটির অনুসন্ধান বলছে, গত ১ জুলাই থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সৌদি আরবে হুতিদের চালানো অন্তত ৪০টি ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আগে এবং পরে রাশিয়ার সরকারি ও সামরিক স্যাটেলাইটগুলোকে সংশ্লিষ্ট এলাকাগুলোর ওপর নিবিড় পর্যবেক্ষণ করতে দেখা গেছে।

অরোরা জিওসিগন্যালের প্রতিষ্ঠাতা নওয়াফ ওবায়েদ আল-জাজিরাকে জানান, বারস-এম, পারসোনা, লোটোস-এস১-এর মতো অত্যাধুনিক রুশ সামরিক স্যাটেলাইটের গতিপথ বিশ্লেষণ করে দেখা গেছে, এসব স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া নিখুঁত ভূস্থানিক তথ্য ইরানের গোয়েন্দা কাঠামোর হাতে পৌঁছাচ্ছে। আর সেই তথ্যই ইয়েমেনে হুতিদের নিখুঁত হামলায় সরাসরি কাজে লাগছে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো গত সেপ্টেম্বরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের তিনটি পাম্পিং স্টেশনে হুতিদের হামলা, যার ঠিক আগেই ওই এলাকায় রুশ স্যাটেলাইটের কড়া নজরদারি ছিল। তবে সামরিক বিশ্লেষক এলিজাহ ম্যাগনিয়ার মনে করেন, রাশিয়া সরাসরি হুতিদের এই তথ্য দিচ্ছে নাকি বাণিজ্যিক উপায়ে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে তা পৌঁছাচ্ছে, সেটি নিশ্চিত হতে আরও প্রমাণের প্রয়োজন। যদিও খোদ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সম্প্রতি অভিযোগ করেছেন যে, হুতিরা রাশিয়া ও চীন থেকে গোপন গোয়েন্দা তথ্য পাচ্ছে।

২০১৪ সালে রাজধানী সানা দখলের পর থেকে ইয়েমেনের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করা হুতিরা ইরানের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন-মিসাইল এবং হিজবুল্লাহর কাছ থেকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ পেয়ে আসছে। হুতিদের এই ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় সৌদি নেতৃত্বাধীন জোট সম্প্রতি ‘অপারেশন ইয়েমেন ডন’ নামে নতুন এক সামরিক অভিযান শুরু করেছে। সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী হুতিদের একাধিক ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি করলেও বাস্তবতা ভিন্ন কথা বলছে। সামরিক বিশ্লেষক সাজ আহমদের মতে, বিপুল অর্থ ব্যয় করে আমেরিকা ও ইউরোপ থেকে কেনা অত্যাধুনিক অস্ত্র নিয়েও গেরিলা যুদ্ধকৌশলে দক্ষ হুতিদের কার্যকরভাবে মোকাবিলা করতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে সৌদি আরব।

সূত্র: আল-জাজিরা

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup