পরিবারের ভাগ্য বদলাতে ওমানে পাড়ি জমানো চট্টগ্রামের সন্দ্বীপের তরুণ নুর উদ্দিন সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ওমান সাগরে একটি ফিশিং ট্রলার থেকে অসাবধানতাবশত সাগরে পড়ে যান তিনি। সে সময় তার বড় ভাইও সেখানে উপস্থিত ছিলেন। ট্রলার থেকে একসঙ্গে দুজন পড়ে গেলেও একজনকে উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু নুর উদ্দিন সাগরের অতলে হারিয়ে যান।
সাত বছর আগে প্রবাসজীবনে যাওয়া নুর উদ্দিন সর্বশেষ ২০২৪ সালে দেশে এসে বিয়ে করেছিলেন। তার দেড় বছরের একটি ফুটফুটে সন্তান রয়েছে, যে এখনো ঠিকমতো ‘বাবা’ ডাকতেও শেখেনি। ছেলের নিখোঁজের খবরে সন্দ্বীপের সন্তোষপুর ইউনিয়নে তার নিজ বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। আদরের সন্তানের শোকে বৃদ্ধ বাবা রুহুল আমিন ও মা নাওয়া-খাওয়া ছেড়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন।
নুর উদ্দিনের এমন আকস্মিক নিখোঁজের ঘটনায় ওমানপ্রবাসী ও স্থানীয়দের মাঝে গভীর উদ্বেগ বিরাজ করছে। দিশেহারা পরিবারের এখন একটাই আকুতি—যেকোনো মূল্যে যেন তাদের আদরের সন্তান জীবিত অবস্থায় ফিরে আসে।










