ভারতের উত্তর প্রদেশের মৌ জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে তন্ত্রমন্ত্র বা কালোজাদু করার অভিযোগ উঠেছে। সরযূ নদীর তীরে মুক্তিধাম শ্মশানঘাটের কাছে মোদির একটি ছবির পাশে সুচ ফোটানো লেবু ও লাল সুতা বাঁধা নারকেল পাওয়া যায়। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, ভিডিওটি নজরে আসার পর জেলার দোহরিঘাট থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সমাজে বিদ্বেষ, গুজব বা আতঙ্ক ছড়ানোর অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩৫৩ (২) ধারায় এই মামলাটি নথিভুক্ত করা হয়। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে শ্মশানঘাটে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে এমন কাজ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘোসি এলাকার সার্কেল কর্মকর্তা সত্যেন্দ্র ভূষণ তিওয়ারি জানিয়েছেন, জড়িতদের দ্রুত শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে। তদন্তে পাওয়া প্রমাণের ভিত্তিতে পরবর্তী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেশের প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে এমন অদ্ভুত কর্মকাণ্ডের পেছনের আসল রহস্য বের করতে পুলিশ তৎপর রয়েছে।










