সৌদি আরবে চলতি বছরও ব্যাপক হারে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। মানবাধিকার সংস্থা ইএসওএইচআর-এর তথ্যমতে, ২০২৬ সালের প্রথম ছয় মাসেই দেশটিতে অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে ৫৯ জন বিদেশি এবং ৪৯ জন সৌদি নাগরিক। পরিসংখ্যানে দেখা যায়, বর্তমান শাসনামলে মোট মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দুই হাজারে পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।
প্রথমার্ধে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের বড় অংশই ছিল মাদক-সংশ্লিষ্ট অপরাধের সাজা। এ ধরনের অপরাধে ৭১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া হত্যা মামলায় ২৫ জন এবং রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিদেশিদের মধ্যে বাংলাদেশসহ অন্তত ১৭টি দেশের নাগরিক রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ১০৮টি মৃত্যুদণ্ডের মধ্যে ৮৩টিই এমন অপরাধে দেওয়া হয়েছে, যার সঙ্গে কোনো হত্যাকাণ্ডের সম্পৃক্ততা ছিল না।
সৌদি আরবের বিচারব্যবস্থার স্বচ্ছতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইএসওএইচআর। আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করে দেশটিতে অপ্রাপ্তবয়স্ক ও রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদেরও মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সংস্থাটি জানায়, আইনি সহায়তার অভাব ও মানবাধিকার লঙ্ঘনের কারণে সৌদির বিভিন্ন কারাগারে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা অনেক বন্দী বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
আরও









