সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরের কাছে ধোঁয়া উড়তে দেখা গেছে। এমন পরিস্থিতিতে রিয়াদ থেকে বহু ফ্লাইট বিলম্ব ও বাতিল করা হয়েছে। শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে বলে জানিয়েছে বিমান ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪। এতে বলা হয়েছে, রিয়াদের বিমানবন্দরে বড় ইস্যু তৈরি হয়েছে, যার কারণে এমন বিঘ্ন ঘটেছে।
সেখানকার বাসিন্দারা বিমানবন্দরের কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। ফ্লাইটরাডার২৪ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে তাদের ওয়েবসাইটে ফ্লাইট ডিসরাপশন ইনডেস্ক ৫.০-তে রেখেছে। যার অর্থ বিমানবন্দরটিতে ফ্লাইট বাতিল ও বিলম্বের বড় সমস্যা দেখা দিয়েছে।
এরআগে সৌদি আরব বিমান হামলার সতর্কতা জারি করেছিল। এরপরই রিয়াদ বিমানবন্দরে বড় ধরনের সমস্যার কথা শোনা যাচ্ছে। গত দুই সপ্তাহ ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের লড়াই চলছে। এরমধ্যেই দেশটির অন্যতম ব্যস্ত বিমানবন্দরটিতে এ ঘটনা ঘটল। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এছাড়া সৌদি আরবও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।









