ভাতিজির দীর্ঘদিনের শখ পূরণে নিলাম থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের একটি বিরল প্রজাতির বাজপাখি কিনে উপহার দিয়েছেন এক ব্যক্তি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত ‘আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহণ প্রদর্শনী’ বা এডিআইএইচইএক্স-২০২৬ চলাকালে এই অভাবনীয় ঘটনাটি ঘটে। শাইখা আল মনসুরি নামের এক কিশোরী তার কাকার কাছ থেকে বহুমূল্যবান এই উপহারটি পেয়েছে। বিরল এই বাজপাখির দাম নিলামে হাঁকানো হয় ১৫ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৮৫ লাখ টাকার সমান।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিলামে কেনা ওই বাজপাখিটি মূলত ‘আল্ট্রা হোয়াইট পিওর গির গারমৌশা’ প্রজাতির একটি ছানা। সাদা ও বাদামি রঙের দৃষ্টিনন্দন ছিটযুক্ত ডানাওয়ালা এই বিরল পাখিটির ওজন মাত্র এক কেজি এবং এর দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় সাড়ে ১৬ ইঞ্চি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাজপাখি পালন ও শিকার ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়। সেই ঐতিহ্যের ধারাবাহিকতাতেই আবুধাবির এই বিখ্যাত প্রদর্শনীতে বিশ্বের নানা প্রান্ত থেকে বিরল প্রজাতির সব বাজপাখি নিলামের জন্য নিয়ে আসা হয়। সেখানেই সর্বোচ্চ দর হাঁকিয়ে আদরের ভাতিজির জন্য এই মহামূল্যবান পাখিটি কিনে নেন ওই ব্যক্তি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘আলি.আলজাবরি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যা ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, নিলামের সময় কাকার পাশেই বসে ছিল ওই কিশোরী। কাঙ্ক্ষিত পাখিটি নিজের হওয়ার আনন্দে তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। বাজপাখি পালনের বিষয়ে এমন প্রবল আগ্রহ কার কাছ থেকে পেয়েছে—এমন প্রশ্নের জবাবে শাইখা জানায়, তার কাকার অনুপ্রেরণাতেই পাখিদের প্রতি তার এই ভালোবাসার জন্ম। ভিডিওটিতে পাশে বসা ব্যক্তিও হাসিমুখে নিজেকে ওই কিশোরীর কাকা হিসেবে পরিচয় দেন। শখের বশে কোটি টাকা মূল্যের এমন রাজকীয় উপহার দেওয়ার ঘটনা নেটিজেনদেরও দারুণভাবে অবাক করেছে।










