Long Popup (2)
সর্বশেষ

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা

Tarikhul islamCity

মালয়েশিয়ায় অবস্থানরত যেসব বাংলাদেশি কর্মীর কাছে বৈধ কাজের ভিসা বা নথিপত্র নেই, তাঁদের গ্রেপ্তার এড়াতে দ্রুত দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগের চলমান কড়া অভিযানের মধ্যেই মালয়েশিয়া সরকারের দেওয়া বিশেষ সুযোগ কাজে লাগিয়ে দেশে ফেরার এই জরুরি বার্তা দেওয়া হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তার মাধ্যমে এই আহ্বান জানানো হয়।

ভিডিও বার্তায় মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম বলেন, মালয়েশিয়া সরকার বর্তমানে অনিয়মিত বা বৈধ নথিপত্রহীন বিদেশি অভিবাসীদের জন্য ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম-২’ (BRM 2.0) নামের একটি বিশেষ কর্মসূচি পরিচালনা করছে। এই কর্মসূচির আওতায় অবৈধ অভিবাসীরা আইনি জটিলতা ছাড়াই নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। তবে এই প্রক্রিয়ায় অংশ নিতে হলে আবেদনকারীর অবশ্যই একটি বৈধ ও মেয়াদযুক্ত পাসপোর্ট থাকতে হবে। যাঁদের পাসপোর্ট নেই বা মেয়াদ শেষ হয়ে গেছে, তাঁরা বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট বা টিপি সংগ্রহ করে এই সুবিধা নিতে পারবেন। এরপর দেশে ফেরার জন্য একটি বৈধ ও নিশ্চিত উড়োজাহাজের টিকিট সংগ্রহ করতে হবে।

মালয়েশিয়া সরকারের নিয়মানুযায়ী, উড়োজাহাজের টিকিটে যাত্রার তারিখ ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অন্তত পাঁচ দিন পর এবং ১৪ দিনের মধ্যে হতে হবে। আবেদনকারীকে কোনো প্রতিনিধি বা তৃতীয় পক্ষের সাহায্য ছাড়া সশরীরে নির্ধারিত ইমিগ্রেশন অফিসে উপস্থিত হয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের সময় মূল পাসপোর্ট বা ট্রাভেল পারমিট, পাসপোর্টের বায়োডাটা পৃষ্ঠার কপি, প্রাসঙ্গিক ইমিগ্রেশন পাসের কপি এবং দেশে ফেরার নিশ্চিত টিকিট সঙ্গে রাখতে হবে। সরকারি নির্দেশনা মোতাবেক নির্ধারিত ফি ও প্রযোজ্য জরিমানা ইমিগ্রেশন বিভাগের অনুমোদিত পদ্ধতিতেই পরিশোধ করতে হবে।

প্রবাসীদের দালালদের দৌরাত্ম্য থেকে সতর্ক করে তরিকুল ইসলাম বলেন, ‘বিআরএম ২.০-এর জন্য আবেদন করতে কোনো দালাল বা তৃতীয় পক্ষকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। কেউ বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে অর্থ দাবি করলে তা থেকে সাবধান থাকুন।’ আইনি জটিলতা ও শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগ্রহী প্রবাসীদের দ্রুত সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিস ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে নিরাপদে দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate