মধ্যপ্রাচ্যের দেশ ওমান ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের নতুন ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) প্রদান ও পুরোনো পারমিট নবায়ন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এর ফলে ২০২২ সালে প্রবর্তিত একটি নীতি কার্যত বাতিল হয়ে গেল, যে নীতির অধীনে ষাটোর্ধ্ব বিদেশি কর্মীদের ওমানের বেসরকারি খাতে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য অ্যারাবিয়ান স্টোরিজ’-এর (টিএএস) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি অনেক প্রবাসী কর্মী সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন যে, তাদের নিয়োগকর্তারা শ্রম মন্ত্রণালয়ে ওয়ার্ক পারমিট নবায়নের জন্য আবেদন করলে তা সরাসরি প্রত্যাখ্যান করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে ৬০ বছরের বেশি বয়সীদের কোনো কাজের অনুমতি দেওয়া হচ্ছে না। এ অবস্থায় অনেক দীর্ঘস্থায়ী প্রবাসী কর্মী—যাঁরা আগে ভেবেছিলেন বয়সের বাধা পেরিয়ে ওমানে কাজ চালিয়ে যেতে পারবেন—তাঁরা এখন নিজেদের চাকরি ও আবাসিকের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার মুখে পড়েছেন।
এর আগে ২০২২ সালের জানুয়ারিতে ওমানের শ্রম মন্ত্রণালয় প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা তুলে নিয়েছিল। সে সময় ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাইদ বাউয়াইন জানিয়েছিলেন, অভিজ্ঞ ও দক্ষ বিদেশি কর্মীদের ধরে রাখার জন্য বিভিন্ন কোম্পানির ক্রমাগত অনুরোধের পরিপ্রেক্ষিতেই বয়সের ওই বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। এই নীতির কারণে কোম্পানিগুলো তাদের প্রয়োজনীয় কর্মীদের ষাটোর্ধ্ব বয়সেও স্বাচ্ছন্দ্যে কাজে বহাল রাখতে পারত। কিন্তু নতুন এই পরিবর্তনের ফলে নিয়োগকর্তারা এখন বয়সের সীমারেখা পার হওয়া কর্মীদের মেয়াদ বাড়াতে গিয়ে নতুন করে বাধার সম্মুখীন হচ্ছেন।











