ওমানে বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আজিজুল হক নামে কুমিল্লার এক রেমিট্যান্সযোদ্ধা, সবার কাছে তিনি বাচ্চু মিয়া নামে পরিচিত ছিলেন। গত ১৮ তারিখ রাতে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, আজিজুল হক ওমানে একটি সাপ্লাই কোম্পানিতে কর্মরত ছিলেন এবং পাশাপাশি কাঁচাবাজারে সবজির ব্যবসাও করতেন। সম্প্রতি টানা ছয় দিন নিখোঁজ ছিলেন তিনি। পরে হাসপাতালে সন্ধান মেলার পর চিকিৎসায় কিছুটা উন্নতি হলেও, ১৮ তারিখ রাতে হঠাৎ বুকে ব্যথায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
৫৪ বছর বয়সী এই প্রবাসীর দেশের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রীসহ তিন মেয়ে ও দুই ছেলের জনক, যার মধ্যে ছোট ছেলের বয়স মাত্র তিন বছর। উপার্জনের প্রধান অবলম্বনকে হারিয়ে পুরো পরিবার এখন দিশেহারা। প্রিয়জনের নিথর দেহটি অন্তত শেষবারের মতো দেখতে ও দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার এবং ওমানের বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতা কামনা করেছেন নিহতের স্বজনরা।











