সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা দেশে প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা আমিরাতে বাংলাদেশিদের দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসন এবং ভিসা বাতিল হয়ে দেশে আটকে পড়া প্রবাসীদের দ্রুত দেশটিতে ফেরানোর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। আজ সোমবার রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমিরাতপ্রবাসী এনআরবি সিআইপি ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যরা এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসী ব্যবসায়ীদের এই প্রতিনিধিদলটি ইতিমধ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছে। দেশে তাঁদের সম্ভাব্য বিনিয়োগের প্রধান খাত হবে ডিজিটাল ও এআইভিত্তিক ইসলামিক ব্যাংকিং, ড্রাই ফুড প্রসেসিং, নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে তাঁদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সরকার ওয়ান-স্টপ সেবা, প্রয়োজনীয় অবকাঠামো ও বিনিয়োগ সুরক্ষা নিশ্চিত করলে এই বৃহৎ বিনিয়োগ বাস্তবায়ন সম্ভব হবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া সংবাদ সম্মেলনে প্রবাসীদের পক্ষ থেকে ১৫ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—প্রায় ১২ বছর ধরে বন্ধ থাকা অভ্যন্তরীণ মালিক বা স্পনসর পরিবর্তনের সুযোগ পুনর্বহাল, প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু, মৃত প্রবাসীর মরদেহ সরকারি খরচে দেশে আনা, রেমিট্যান্স প্রণোদনা বৃদ্ধি এবং সাশ্রয়ী বিমানভাড়া নিশ্চিত করা। প্রতিনিধিদলের পক্ষে মোহাম্মদ রুবেল সিআইপি বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্সের উৎস নন, তাঁরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাই সরকারের কাছে প্রবাসীদের জন্য একটি নিরাপদ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান ভিসা সংকটগুলো দ্রুত সমাধানের আহ্বান জানান তিনি।










