Long Popup (2)
সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে ১৮০২ কার্টন সিগারেটসহ সাড়ে ৫ কোটি টাকার পণ‍্য জব্দ

1786949323 caf755e7cf6ccdcbb270bfdf18edb061City

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ হওয়া এসব পণ্যের বাজারমূল্য ও প্রযোজ্য শুল্ক-কর মিলিয়ে মোট আর্থিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা। কাস্টমস গোয়েন্দাদের দাবি, সাম্প্রতিক সময়ে শাহ আমানত বিমানবন্দরে একসঙ্গে সিগারেটের এত বড় চালান জব্দের ঘটনা এটিই প্রথম।

সিআইআইডি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে বিশেষ এই অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই ফ্লাইটের যাত্রী মো. মইনুল আবদিনের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়। একই ফ্লাইটের আরেক যাত্রী আবদুল মান্নানের কাছে পাওয়া যায় প্লাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টন সিগারেট এবং চারটি আইফোন। এ ছাড়া নুরুল আলম রিয়াদ নামের অপর এক যাত্রীর কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন ও ইজি ব্র্যান্ডের সাত কার্টন সিগারেট এবং পাঁচটি আইফোন উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দারা।

যাত্রীদের তল্লাশির পাশাপাশি বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টেও নজরদারি চালানো হয়। এ সময় একই ফ্লাইটের মালিকানাবিহীন একটি ব্যাগেজ থেকে আরও ১ হাজার ২০ কার্টন প্লাটিনাম ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। সিআইআইডি জানিয়েছে, সব মিলিয়ে জব্দ করা ১ হাজার ৮০২ কার্টন সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা, যার বিপরীতে ৬২১ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর আসে প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা। অন্যদিকে উদ্ধার হওয়া ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা এবং ৫৮ শতাংশ হারে এর শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা। সব মিলিয়ে জব্দ হওয়া পণ্য ও এর প্রযোজ্য শুল্ক-করের মোট আর্থিক মূল্য হিসাব করা হয়েছে ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।

একই ফ্লাইটে একাধিক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ আইফোন ও সিগারেট এবং মালিকানাবিহীন ব্যাগেজে অবৈধ পণ্যের এমন বিশাল চালান পাওয়ার ঘটনাটিকে সিআইআইডি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান প্রতিরোধ ও রাষ্ট্রের রাজস্ব সুরক্ষায় দেশের বিমানবন্দরগুলোতে এ ধরনের গোয়েন্দা নজরদারি ও আকস্মিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate