গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দীর্ঘ ১১ বছরের প্রেমের পর বিয়েতে টালবাহানা করায় বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন এক তরুণী। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যস্থতায় উভয় পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। গতকাল শনিবার উপজেলার একটি গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা ও সৌদিপ্রবাসী রাশেদুল ইসলাম রায়হানের সঙ্গে সুরভি আক্তারের প্রায় ১১ বছরের প্রেমের সম্পর্ক ছিল। সপ্তাহখানেক আগে রায়হান সৌদি আরব থেকে দেশে ফেরেন। কিন্তু দেশে ফেরার পরও বিয়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ায় গত শুক্রবার রাত ১১টার দিকে বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে গিয়ে অবস্থান নেন সুরভি। এ সময় তাঁর হাতে একটি বিষের বোতলও দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে রায়হানের বাড়ির সামনে উৎসুক জনতার ভিড় জমে যায় এবং সেখানে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহাতাব মণ্ডল জানান, শুক্রবার রাতে ওই তরুণী অনশন শুরু করার পর শনিবার বেলা ১১টার দিকে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে দেওয়া হয়। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, থানায় কেউ কোনো অভিযোগ না দিলেও শনিবার তাঁদের বিয়ের বিষয়টি তিনি শুনেছেন।










