গত মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় নিখোঁজ হওয়া তিন ইরানি পাইলট কাতারের কাছে বন্দী আছেন বলে দাবি করেছে তেহরান। আজ শনিবার (১৫ আগস্ট) ইরানের সশস্ত্র বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এই তথ্য জানিয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এবং ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ খবর তুলে ধরা হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ ব্যক্তি অনুসন্ধান কমিটির প্রধান মোহাম্মদ বাঘেরজাদেহ জানিয়েছেন, গত মার্চের ওই সংঘাতে দুটি এসইউ-২৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর কাতারি বাহিনী এই তিন পাইলটকে জীবিত অবস্থায় আটক করে। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে ইতিমধ্যে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে তেহরান। রেডক্রসকে দেওয়া এক চিঠিতে বাঘেরজাদেহ উল্লেখ করেছেন, জাভেদ সালেহি, আবদুলমাজিদ দাশতিয়ান এবং ওমরান বেহরাভেশিয়ান নামের ওই তিন পাইলট গত ছয় মাস ধরে কাতারি বাহিনীর হেফাজতে রয়েছেন।
আন্তর্জাতিক এই মানবিক সংস্থার কাছে লেখা চিঠিতে অবিলম্বে ওই পাইলটদের মুক্তির আহ্বান জানিয়েছেন বাঘেরজাদেহ। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আটক হওয়ার পর থেকে এই পাইলটদের তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে বা কোনো ধরনের যোগাযোগ করতে দেওয়া হয়নি।
আরও
এর আগে গত মাসে ইরানের সেনাবাহিনী জানিয়েছিল, মার্চের শুরুতে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে চালানো এক হামলায় নিহত ইরানি পাইলট মাজিদ কাজেমির মরদেহ তারা উদ্ধার করেছে। ওই সময় বাকি পাইলটরা নিখোঁজ রয়েছেন বলে জানানো হলেও তাঁদের আটকের বিষয়টি তখন প্রকাশ করা হয়নি। যুদ্ধ চলাকালে ইরানি যুদ্ধবিমান দুটি ঠিক কীভাবে বিধ্বস্ত হয়েছিল বা কাতারি বাহিনী তাঁদের কী পরিস্থিতিতে আটক করেছিল, সে বিষয়ে ইরানের এই কর্মকর্তা বিস্তারিত কিছু জানাননি। অন্যদিকে, তেহরানের এই দাবির বিষয়ে কাতারের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।











