Long Popup (2)
সর্বশেষ

লেবাননে জুয়া নিয়ে হট্টগোল, ১০ বাংলাদেশি আটক; দূতাবাসের কড়া সতর্কতা

PublicCity

লেবাননের রাজধানী বৈরুতে জুয়া খেলা নিয়ে হট্টগোল ও অবৈধভাবে বসবাসের অভিযোগে ১০ জন প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে দেশটির জেনারেল সিকিউরিটি। গত বুধবার ভোর পাঁচটার দিকে বৈরুতের জাল আল ব্লত এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে স্থানীয় পুলিশ। এ ঘটনার পরপরই প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বুধবার ভোরে ওই বাসায় জুয়া খেলাকে কেন্দ্র করে বাংলাদেশিদের মধ্যে উচ্চৈঃস্বরে কথা-কাটাকাটি ও তীব্র ঝগড়া শুরু হয়। তাঁদের অতিরিক্ত চিৎকারে বিরক্ত হয়ে স্থানীয় লেবানিজ প্রতিবেশীরা পুলিশের কাছে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই ১০ জনকে আটক করে। পরে দূতাবাসের প্রতিনিধিরা ঘটনার তদন্তে গিয়ে জানতে পারেন, আটক ব্যক্তিদের কারও কাছেই লেবাননে বসবাসের বৈধ কাগজপত্র নেই। জুয়া ও নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে তাঁদের দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) প্রক্রিয়া শুরু করেছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বৈরুত দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয়প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রবাসীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেন, গুটিকয় অসাধু ব্যক্তির অপকর্মের কারণে বিদেশে পুরো বাংলাদেশি সমাজ ও দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এর আগেও বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক করা হলেও কিছু ব্যক্তি তা অমান্য করে অপরাধে জড়িয়ে পড়ছেন। তিনি প্রবাসীদের জুয়া ও মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকার পাশাপাশি অসামাজিক কার্যকলাপ, উচ্চ স্বরে ঝগড়াঝাঁটি এবং জাল ভিসা ও প্রতারণার সঙ্গে জড়িত না হওয়ার জন্য কঠোর নির্দেশ দেন। সেই সঙ্গে তিনি প্রবাসীদের স্বাগতিক দেশের আইন শতভাগ মেনে চলার আহ্বান জানান।

সতর্কবার্তার পাশাপাশি অবৈধ প্রবাসীদের জন্য আশার বার্তাও দিয়েছে দূতাবাস। দূতালয়প্রধান জানান, স্থানীয় সরকার অবৈধ প্রবাসীদের চিহ্নিত করতে তল্লাশি জোরদার করলেও তাদের সহযোগিতায় বর্তমানে প্রবাসীদের বৈধকরণের কার্যক্রমও চালু রয়েছে। যেসব প্রবাসী কাজের জন্য কফিল (নিয়োগকর্তা) খুঁজে পেয়েছেন, কিন্তু পাসপোর্ট-সংক্রান্ত সমস্যায় ভুগছেন, দূতাবাস তাঁদের সব ধরনের আইনি সহায়তা দিচ্ছে। এমনকি যাঁদের কাছে শুধু পাসপোর্টের ফটোকপি আছে, তাঁরাও নতুন পাসপোর্ট পেতে দূতাবাসের সাহায্য নিতে পারবেন এবং ইতিমধ্যে অনেকেই এই সুবিধা নিয়ে বৈধ হয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া হয়, প্রবাসে প্রত্যেকেই নিজ দেশের প্রতিনিধি। তাই নিজেদের মধ্যকার কোন্দল এড়িয়ে যেকোনো সমস্যা ঠান্ডা মাথায় সমাধান করতে এবং গভীর রাতে চিৎকার বা ঝগড়া থেকে বিরত থাকতে প্রবাসীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate