ওমানের রাজধানী মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার দূতাবাসের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ আবু সাঈদসহ জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শোকাবহ এই দিবসটি উপলক্ষে এদিন দূতাবাসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের অসামান্য আত্মত্যাগের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ বাণী উপস্থিত সবার সামনে পাঠ করে শোনানো হয়। এ সময় পুরো সম্মেলনকক্ষে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
পরে প্রবাসী কর্মী ও ওমানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতাদের অংশগ্রহণে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মিসবাহ উল আজীমসহ দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা তাঁদের বক্তব্যে অধিকার আদায়ের এই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আরও
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৈষম্যবিরোধী এই আন্দোলনে প্রাণ হারানো সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি, শান্তি ও অগ্রগতি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন উপস্থিত সবাই।










