চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে একটি ছোট বিমান আছড়ে পড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ১০৯ তলা বিশিষ্ট এই ভবনের ওপরের দিকের অংশে বিমানটি সজোরে ধাক্কা মারে। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানের পাইলট লিউ জুনহুয়া প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক খবরে জানা গেছে। দুর্ঘটনার পরপরই দ্রুত ওই ভবন থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রাখেন।
স্থানীয় সংবাদমাধ্যম ও বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ছিল চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি হালকা বিমান। বিমানটি শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে স্থানীয় শিফোসি বিমানবন্দর থেকে সোলো ফ্লাইটের উদ্দেশ্যে আকাশে ওড়ে। উড্ডয়নের দশ মিনিট পর, বিকেল ৫টা ৪০ মিনিটে পাইলট রানওয়ে ১৮-এর দিকে অবতরণের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই বিমানটি তার নির্ধারিত যাত্রাপথ থেকে ছিটকে যায় এবং ২৭০ ডিগ্রি কোণে সোজা উড়তে থাকে।
প্রায় ৫২৮ মিটারের বেশি উঁচু সিটিক টাওয়ারে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই বিমানটি টুকরো টুকরো হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ভবনের ওপর থেকে বিমানের লেজসহ বিভিন্ন ভাঙা অংশ এবং কাচের টুকরো নিচের রাস্তায় খসে পড়ছে। রাস্তায় পড়ার পর বিমানের ধ্বংসাবশেষে আগুন ধরে যায়। এ ছাড়া রাস্তায় থাকা একটি ট্যাক্সির কাচও ভেঙে যায়। ভবনের উঁচু তলার অন্তত দুটি কাচের প্যানেল ক্ষতিগ্রস্ত হলেও, এখন পর্যন্ত কোনো বড় ধরনের কাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।










